গণসংবর্ধনা
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গণসংবর্ধনা দেয়া হচ্ছে । নয়া দিগন্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এক মাস দুই দিন কারাভোগ করতে হয়েছে আমাকে। তবে কারাবাস কিংবা ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না বলে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

Advertisement

শুক্রবার (৬ নভেম্বর) সকালে কারাগার থেকে মুক্তি উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে থাকলে অন্যায়ের বিরুদ্ধে হিমালয়সম দৃঢ়তা নিয়ে প্রতিবাদ করতে পারব। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাই না। যত বাধাই আসুক, প্রতিবাদ অব্যাহত থাকবে।’

Advertisement

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমি বিএনপির সাথে ৪০ বছর রাজনীতি করেছি। সেই রাজনীতি আমার কাছে ছিল বিশাল এক নদীর মতো। ওই রাজনীতিকে আমি ভুল বলছি না। তবে সময়ের পরিবর্তনে সেই নদীতে এখন চর পড়েছে। জীবনের এক বাঁকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে আমি আরেকটি বিশাল নদীতে এসে যুক্ত হয়েছি। সেটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।’

তিনি বলেন, ‘জনগণকে সাথে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যে পথচলা শুরু করেছি, সেই পথচলার নদী একদিন সাগরে পৌঁছাবেই। সত্যের জয় হবেই, ইনশাআল্লাহ। অন্যায়ের কাছে মাথা নত করব না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কারাভোগ করেছি, ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা থেকে পিছপা হব না।’

শুক্রবার সকালে মেজর (অব.) আখতারুজ্জামান ঢাকা হতে কিশোরগঞ্জ যাওয়ার পথে কটিয়াদী-মঠখোলা সড়কে কটিয়াদী সিমানায় থেকে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে জামায়াতের নেতাকর্মীরা বরণ করে কটিয়াদী বাসস্ট্যান্ডে সংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন। 

কটিয়াদী উপজেলা জামায়াতের আয়োজনে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্ব দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানায়।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুল হক বিএসসি, উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: দেলোয়ার হোসেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।