প্রতিহিংসার রাজনীতি নয়, সবার উন্নয়নে কাজ করছে সরকার
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি জসিম উদ্দিন। নয়া দিগন্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রতিহিংসার রাজনীতি নয়, দল-মত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) জসিম উদ্দিন।

Advertisement

বুধবার (৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই নাজনীন হাই স্কুলের পক্ষ থেকে এমপি জসিম উদ্দিনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জসিম উদ্দিন বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ছয়-সাত মাস। এরই মধ্যে একটি মহল সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে পড়েছে। এত অল্প সময়ে সরকার যেভাবে রাস্তাঘাট নির্মাণ করছে, তা তারা মেনে নিতে পারছে না। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবেন, ইনশাআল্লাহ।

তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণে দেশের উন্নয়ন থমকে যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিদলাই নাজনীন হাইস্কুলে নতুন ভবন নির্মাণ করা হবে। শিদলাই ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের দায়িত্ব আমি নিলাম।

তিনি আরও বলেন, সরকার এমন পরিকল্পনা গ্রহণ করবে, যাতে দল-মত নির্বিশেষে সবাই উন্নয়নের সুফল ভোগ করতে পারে।

শিদলাই নাজনীন হাই স্কুলের সভাপতি সুদেষ্ণা শামসের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য নিহাদ শামস শাহেন শাহ, উপজেলা বিএনপির উপদেষ্টা শেখ আব্দুল হান্নান, শিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফয়েজ আহমেদ সরকার, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ভূঁইয়া ও সহ-সভাপতি মো. কামাল হোসেন ডাক্তার।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও ইতালি প্রবাসী মো. আবু বক্কর সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক সরকার ও গাজী সাইদুল ইসলাম এমরান, শিদলাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাইজিদ হোসেন এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আশিকুর রহমান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।