
জামালপুরের মেলান্দহে সড়ক পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার ফুলকোচা ইউনিয়নের কোনামালঞ্চ এলাকায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম হাজরাবাড়ী পৌরসভার চর আদিয়ারপাড়া এলাকার মরহুম নাগর আলীর স্ত্রী। তিনি তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
আহতরা হলেন— উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী কুঠেরবাজার এলাকার মমিন মিয়ার ছেলে মো: সাকিব (২০), বাবলু মিয়ার ছেলে রাজু আহমেদ (১৮) ও শহিদুল ইসলামের মো: সিয়াম (১৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাজারবাড়ীগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল কোনামালঞ্চ এলাকায় পৌঁছালে সড়ক পারাপার হতে যাওয়া সুফিয়া বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী আহত হন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








