বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্যরা। নয়া দিগন্ত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের কারণে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। গত ছয় মাসে বিএনপি সরকার জ্বালানি খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এভাবে ভর্তুকি অব্যাহত থাকলে দেশে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়বে। এ কারণে সরকার সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রতিটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে ২৫ হাজার মানুষ আবেদন করেছেন। বর্তমান সরকারের মেয়াদে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর জনগণ যদি আগামীতে আবারো বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দেয়, তাহলে ওই সময়ের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ৪০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, ‘সৌরবিদ্যুৎ ব্যবস্থায় গ্রাহক নিজের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করে আয় করতে পারবেন। এ বিষয়ে দ্রুত একটি আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ অধিবেশনেই আইনটি পাস করা হবে।’

জ্বালানিমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে দেশ শোষণ করেছেন এবং লাল-সবুজের পতাকাকে অবমাননা করেছেন। মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকার অবমাননা তাকে ব্যথিত করে। আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করেছে। এ কারণে মানুষ বলে, বিএনপি আমলের আইএ পাস আওয়ামী লীগ আমলের এমএ পাসের সমান।’

পুলিশের ওসিদের উদ্দেশে তিনি বলেন, ‘গত ১৭ বছর বিরোধী দলকে দমনে পুলিশকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। এখন দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পুলিশকে আরো সক্রিয় হতে হবে।’ 

দেশ মাদকে সয়লাব হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু সরকারের ওপর দায় চাপিয়ে বসে থাকলে হবে না। মাদকের বিরুদ্ধে প্রতিটি পরিবার থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

নাটোরে গ্যাস সংযোগ, মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে স্থানীয় সংসদ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, আগামী দিনে পর্যায়ক্রমে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ গরিবের সুন্দরী মেয়ের মতো। দেশটির প্রতি অনেক রাষ্ট্রের লোলুপ দৃষ্টি রয়েছে। এ বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকতে হবে।’

নাটোর জেলা প্রশাসক মোসা: সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির জেলা আহবায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান রহিম নেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছমা খাতুন, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান (বাবুল চৌধুরী), মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।