
চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারের ঘটনায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) চুয়াডাঙ্গার স্পেশাল কোর্ট অব সেশনস ও ফ্যামিলি অ্যাপিলেট বিচারক (জেলা ও দায়রা জজ) শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত মো: জালাল মালিথা চুয়াডাঙ্গা সদর উপজেলার কানাপুকুর পাড়া এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানার একাডেমি মোড় থেকে আলমডাঙ্গাগামী সড়কের কানাপুকুর পাড়ায় (মতিন মেডিকেল সেন্টারের পশ্চিম পাশে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে জালাল মালিথাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১০১ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের তৎকালীন পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত এই রায় দেন।
আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শামিম রেজা ডালিম জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। পরে, তাকে আইনের আওতায় এনে সাজা কার্যকর করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








