নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টু
নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টু। নয়া দিগন্ত

নাটোরের গুরুদাসপুর পৌর যুবদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় গ্রেফতার এমপিপুত্র যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি নাটোর-৪ আসনের বিএনপির এমপি আব্দুল আজিজের ছেলে।

Advertisement

বুধবার (৪ অক্টোবর) দুপুরে তাকে ডিবি কার্যালয় থেকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় ডিবি পুলিশ। সেখানে স্বাস্থ্য পরিক্ষা শেষে গুরুদাসপুর আমলী আদালতে হাজির করা হয় তাকে।

এ সময় আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান নুরুজ্জামান মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, শাকিল হত্যা মামলায় অধিক তদন্তের জন্য মিন্টুকে দ্বিতীয় দফায় আদালতের অনুমতিতে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে নুরুজ্জামান মিন্টুকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২৬ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাটোরের গোয়েন্দা পুলিশ (ডিবি) নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

পরদিন নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেয়া হয় মিন্টুকে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম জানান, ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় পুলিশের তদন্তকাজ গুরুত্বের সাথে চলছে। তদন্তে পাওয়া তথ্যমতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর গুরুদাসপুর পৌর যুবদলের সদস্যসচিব শাকিল ইসলামের (৩২) ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। পরে ২৬ অক্টোবর রাত ৮টার দিকে ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।