
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে পঞ্চম দিনের মতো আশুলিয়ায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে, অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে আশুলিয়ায় এরই মধ্যে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও পরে হামিম গ্রুপ, শারমিন গ্রুপ, নিউএজসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ফ্যাক্টরির ভেতরে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। পরে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আশপাশের অন্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকেন। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এদিকে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্যসহ মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।
এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








