
নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো: শফিকুল সাজু ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় মারা গেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ঢাকার আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াস) ক্যানসারে আক্রান্ত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী সাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন।
তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য এর আগে তার পরিবার সমাজের বিত্তবান, প্রবাসী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা চেয়েছিল।
১৯৮৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে জন্মগ্রহণ করেন মো. শফিকুল সাজু। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষে দর্শন বিভাগে ভর্তি হন। সেখান থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ৩৫তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে শিক্ষকতা পেশায় যোগ দেন। সর্বশেষ তিনি নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষাজীবন থেকেই সাজু সমাজসেবা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও রক্তদানসহ বিভিন্ন মানবিক উদ্যোগের সাথে যুক্ত ছিলেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যও তার পরিচিতি ছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








