শ্রীপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেফতার ১
এসআরবি-১-এর অভিযানে উদ্ধার করা বিদেশি মদ । নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে ১৪৯ দশমিক ৬২৫ লিটার বিদেশি মদসহ আলমাছ হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

Advertisement

সোমবার (২ নভেম্বর) এসআরবি-১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে শ্রীপুর চৌরাস্তা-বরমী সড়কের সুমি স্টিল হাউজের সামনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ ও মিডিয়া) শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবির ইন্টেলিজেন্স উইংয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মাঝের সিট ও পেছনের ডিকিতে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ১৪৯ দশমিক ৬২৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য আট লাখ টাকা।

গ্রেফতার আলমাছ হোসেনের বাড়ি জামালপুরের বকশিগঞ্জ থানার নতুন বাসকান্দা এলাকায়। উদ্ধার করা মদ, প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।