প্রসূতির মৃত্যু
লালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যু: ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক। নয়া দিগন্ত

লালমনিরহাট শহরের ‘নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে’ সিজারিয়ান অপারেশনের কয়েক ঘণ্টা পর আদরী বেগম (৩৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসা, চরম অবহেলা এবং সময়মতো সঠিক ব্যবস্থা না নেয়ায় এই মৃত্যু ঘটেছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। ঘটনার পর থেকেই ক্লিনিকের মালিক ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।

Advertisement

সোমবার (২ নভেম্বর) শহরের সাপটানা রোডস্থ নিউ অতিথি ক্লিনিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত আদরী বেগম লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষাশ্বর গ্রামের বাসিন্দা এবং তিন সন্তানের জননী। মৃত্যুর পূর্বে তিনি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এক পুত্রসন্তানের জন্ম দেন।

নিহতের পরিবার জানায়, গত শনিবার প্রসব বেদনা উঠলে আদরী বেগমকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর বা অন্য কোনো উন্নত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এ সময় ‘বিজলী’ নামের এক নারী দালালের প্ররোচনায় তাকে নিউ অতিথি ক্লিনিকে ভর্তি করা হয়।

পরিবারের অভিযোগ, ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য তাদের কাছ থেকে ৩৫ হাজার টাকা নেয়া হয়। অস্ত্রোপচারের পর প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হলেও ক্লিনিক কর্তৃপক্ষ কালক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে দ্রুত রক্ত জোগাড় করতে বলা হলে স্বজনরা রক্তের ব্যবস্থা করেন। তবে সোমবার সকালে ক্লিনিকে গিয়ে তারা আদরী বেগমের নিথর দেহ দেখতে পান। নিহতের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও তাকে রংপুর কিংবা অন্য কোথাও স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়নি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা: হাকিম জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ক্লিনিক ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।