
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশ্বরোড গোলচত্বর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরো দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে এজাজুল (২০) এবং নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০)।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন— নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০) এবং ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে রাজন (২১)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় চার যুবক দুটি মোটরসাইকেলে করে ভাঙ্গার বিশ্বরোড গোলচত্বর এলাকায় ঘুরতে বের হন। দ্রুত ও বেপরোয়া গতিতে চলার একপর্যায়ে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অপর দুজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








