
মৌলভীবাজারের রাজনগরে প্রকৃতির ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) উপজেলার উত্তরভাগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উত্তরভাগ ও ইন্দানগর চা বাগান এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সহযোগিতায় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সভা আয়োজন করা হয়।
উত্তরভাগ চা বাগানের উপব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামানের পরিচালনায় এবং উত্তরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিগেন্দ্র সরকার চঞ্চলের সভাপতিত্বে দিনব্যাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উত্তরভাগ ও ইন্দানগর চা বাগানের সিনিয়র ম্যানেজার লোকমান চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান কবির আহমেদ, জিতু মিয়া এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ম্যানেজার শিমুল নাথ।
সভায় আলোচকরা বলেন, বন্যপ্রাণী ও প্রকৃতি একে অপরের পরিপূরক। তাই বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং প্রকৃতির প্রতি মানুষের দায়িত্বশীল আচরণ গড়ে তোলা এখন সময়ের দাবি।
বক্তারা বলেন, নির্বিচারে বন উজাড়, অবৈধ শিকার, বন্যপ্রাণী পাচার, জলাভূমি ভরাট ও পরিবেশদূষণের কারণে দিন দিন অনেক বন্যপ্রাণী তাদের স্বাভাবিক আবাসস্থল হারাচ্ছে। এর ফলে প্রকৃতির খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। জীববৈচিত্র্যের এই সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।
আলোচনা সভা থেকে বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার জোর আহ্বান জানানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









