
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে একটি কারখানার কাভার্ডভ্যানে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার পর থেকে আশুলিয়ার নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষ চলাকালে বেলা সোয়া ১১টার দিকে নরসিংহপুর এলাকার নদী ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি কারখানার কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো হয়।
এদিকে, পরিস্থিতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই সড়কের আশপাশে অবস্থিত বেশির ভাগ কারখানার কর্তৃপক্ষ আজ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
অন্যদিকে, আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইরানী বাজার এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে সড়কে অবস্থান করছেন অল্পসংখ্যক শ্রমিক। এতে ওই মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা ভয়াবহ ভোগান্তিতে পড়েছেন।
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








