আগুন, ফায়ার সার্ভিস, ঝুট গুদাম, আন্দোলন, পোশাকশ্রমিক, বিক্ষোভ, বিজিবি, পুলিশ
গাজীপুরের ম্যাপ। নয়া দিগন্ত

গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও মহাসড়ক অবরোধ চলাকালে একটি পোশাক কারখানার ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেন। শ্রমিকদের অবরোধের কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের গাড়ি বাধার মুখে পড়ে। পরবর্তীতে বিজিবি ও পুলিশের সুরক্ষায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

Advertisement

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামে পোশাক কারখানার ঝুট গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকেয়া ও ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্রাসহ আশপাশের এলাকায় গত দুই সপ্তাহ ধরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। রোববার সকাল থেকে শ্রমিকরা পুনরায় মহাসড়কে নেমে অবরোধ সৃষ্টি করলে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

দুপুর ১২টার দিকে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের ঝুট গুদামে আগুন লাগলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে মহাসড়কে তীব্র যানজট ও আন্দোলনকারী শ্রমিকদের বাধার কারণে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে আসতে বাধ্য হয়। পরবর্তীতে বিজিবির পাহারায় মহাসড়কের উল্টো পথ দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার তারেকুল ইসলাম বিকেল ৩টার দিকে জানান, বিজিবি ও পুলিশের সহায়তায় একটি ইউনিটের নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে গাড়িটি কোন সংস্থার এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

সার্বিক পরিস্থিতির অবনতি এড়াতে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক ও ভোগড়া বাইপাসসহ সংবেদনশীল এলাকাগুলোতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার অন্তত আট থেকে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।