এইচএসসি পরীক্ষায় লালমনিরহাটের ছয় কলেজের পাস করেনি কেউ
এইচএসসি পরীক্ষায় লালমনিরহাটের ছয় কলেজের পাস করেনি কেউ। নয়া দিগন্ত গ্রাফিক্স
ads

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় লালমনিরহাটের ছয়টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জানা গেছে, লালমনিরহাটের তিনটি উপজেলার মোট ছয়টি কলেজ থেকে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কেউই কৃতকার্য হতে পারেনি।

শূন্য পাসের তালিকার শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কালিগঞ্জ উপজেলার রয়েছে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান— সোনারহাট স্কুল ও কলেজ (পরীক্ষার্থী দু’জন), দুহুলী এসসি হাই স্কুল ও কলেজ (পরীক্ষার্থী একজন) ও দক্ষিণ ঘনশ্যাম স্কুল ও কলেজ (পরীক্ষার্থী একজন)।

আদিতমারী উপজেলার গন্ধমারুয়া স্কুল ও কলেজ থেকে অংশ নেয়া দু’জন পরীক্ষার্থীর কেউই পাস করেনি। এছাড়া হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা মডেল কলেজ থেকে সর্বোচ্চ ১১ জন ও আমিনুর রহমান কলেজ থেকে একজন শিক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন হতাশাজনক ফলাফলে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে তিন উপজেলার ইউএনও জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য হয়েছে, সেগুলোর এমন বিপর্যয়ের মূল কারণ অনুসন্ধান করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আগামীতে যেন এমন ফলাফলের পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে যথাযথ প্রতিকারমূলক পদক্ষেপ নেয়া হবে।