বরিশাল বিশ্ববিদ্যালয়, ভিসি, শেরে বাংলা এ কে ফজলুল হক
শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় অতিথিরা। নয়া দিগন্ত
ads

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: মামুন অর রশিদ বলেছেন, ‘উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ ও সমাজ সেবক শেরে বাংলা এ কে ফজলুল হককে শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখলে হবে না।’ 

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে স্মরণসভা ও গুণিজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল বিভাগীয় জাদুঘর সেমিনার হলে এ স্মরণসভার আয়োজন করে বাংলার বাঘ ফাউন্ডেশন।

ভিসি বলেন, ‘শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবন-কর্ম ও শিক্ষা সমাজের কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও গবেষক সাইফুল আহসান বুলবুল। অনুষ্ঠানে ‘শেরেবাংলা খাঁটি বাঙালি ও খাটি মুসলমান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: মোসলেম উদ্দিন শিকদার।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিন ও ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল বাতেন, শেরে বাংলা স্মৃতি সংসদের পরিচালক রেজাউল কবির ও বরিশাল বিভাগীয় জাদুঘরের সহকারী কিউরেটর আরিফুর রহমান।

অনুষ্ঠানে পাঁচজন গুণি ব্যক্তিকে শেরে বাংলা সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও বিষয় ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলার বাঘ ফাউন্ডেশনের প্রতিনিধি ফারজানা ফেরদৌস, চিন্তা পরিসরের আহ্বায়ক মাহাদী হাসান রুহানী, ব্রজমোহন বইবন্ধুর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজীব।

অনুষ্ঠান ব্যবস্থাপনা সংগঠনগুলোর মধ্যে বক্তব্য রাখেন বরিশালের ঐতিহ্য ও ভাষা সংরক্ষণ কমিটির সভাপতি সুমন বেপারী, ব্রজমোহন বইবন্ধুর সভাপতি মোহাম্মদ ইয়ামিন, চিন্তা পরিসর প্রতিনিধি ইমরান হোসেন ও বাংলার বাঘ ফাউন্ডেশনের প্রতিনিধি ফারজানা ফেরদৌস।