
মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ সময় ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চার মাস আগে বাহেরান্দি জামে মসজিদের সভাপতি হিসেবে মোশারফ ফকিরের নাম ঘোষণা করে মুসল্লিরা। এ সময় বাচ্চু মোড়লকে সভাপতি হিসেবে দাবি করে অন্যপক্ষ। এ নিয়ে মোশারফ ও বাচ্চু পক্ষের মধ্যে বিরোধ তৈরি। বেশ কিছুদিন ধরে এলাকায় শুরু হয় তুমুল উত্তেজনা।
এরই সূত্র ধরে গত সোমবার সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। ভাঙচুর ও লুটপাট করা হয় বসতঘর। পরে বুধবার ভোরে একাধিক ককটেল বিস্ফোরণের পর আবারো শুরু হয় দুইপক্ষের সংঘর্ষ। ভাঙচুর ও লুটপাটের পর বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। আহত হন অন্তত পাঁচজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস ও পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ক্ষুদ্র বিষয় নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে দুইপক্ষ। এলাকায় উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। লিখিত অভিযোগ পেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা। এছাড়া অপরাধীদের নামের তালিকা করে তাদের ধরতে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








