
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টুর আহবানে ৩৬ ঘণ্টা পর আমরণ অনশন ভেঙেছেন ফেনীর জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন ও তার মা জাহানারা বেগম।
সোমবার মন্ত্রীর সাথে তাদের সাক্ষাতের কথা রয়েছে। এর আগে, রোববার রাত সাড়ে ৮টার দিকে পরিবেশমন্ত্রীর পক্ষ থেকে তার ব্যক্তিগত কর্মকর্তা এমাম হোসেন জুস পান করিয়ে সাদ্দাম হোসেনের অনশন ভাঙান। এ সময় ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ দিদার উপস্থিত ছিলেন।
এরও আগে শনিবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাত দফা দাবিতে আমরণ অনশনে বসেন জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন। তার দাবিগুলোর মধ্যে রয়েছে চাঁদা দাবি, রেস্টুরেন্ট দখল, জোরপূর্বক নৃত্য করানো, উলঙ্গ করে ভিডিও ধারণ এবং বারবার হামলার ঘটনার বিচার। রোববার সকালে তার মা জাহানারা বেগমও অনশনে যোগ দেন।
এদিকে, রোববার বিকেলে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাদ্দাম হোসেনের সাথে সাক্ষাৎ করেন। এর আগে, সাদ্দামের মা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সব রাজনৈতিক নেতার সহযোগিতা কামনা করেন।
সাদ্দাম হোসেনের সাত দফা দাবির বিষয়ে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সমাধানের আশ্বাস দিয়েছেন। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিনি ও তার মা অনশন থেকে সরে দাঁড়ান।
সাদ্দাম হোসেন নয়া দিগন্তকে বলেন, মন্ত্রী বিষয়টি সুরাহা করার আশ্বাস দেয়ায় তিনি অনশন থেকে সরে দাঁড়িয়েছেন।
পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমাম হোসেন জানান, আজ সোমবার সাদ্দাম হোসেন ও তার মা পরিবেশমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








