উদ্ধারকৃত মাদকসহ আটক তিনজন
উদ্ধারকৃত মাদকসহ আটক তিনজন। নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬৪৮ বোতল বিদেশী মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তামাবিল মহাসড়কে সিলেটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ট্রাকের ওপর কলাপাতা দিয়ে ঢেকে মাদকগুলো পরিবহন করা হচ্ছিল।

আটক ব্যক্তিরা হলেন— নওগাঁর পোরশা উপজেলার শীষাবাজার এলাকার মো: আরিফের ছেলে মো: সিরাজ (২৪), পত্নীতলা উপজেলার কাশীপুর এলাকার মরহুম আব্দুল হামীদের ছেলে মো: রমজান হোসেন তামিম (২৪) ও মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো: ইদ্রিস আলী (৩৮)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে হরিপুর পুলিশ চেকপোস্টে একটি ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় কলাপাতার নিচে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক তিনজনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।