
ঢাকার ধামরাইয়ে জুলাই শহীদ আফিকুল ইসলাম সাদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য (এমপি) তমিজ উদ্দিন।
শনিবার (১৭ অক্টোবর) ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে এমপি তমিজ উদ্দিন বলেছেন, ‘জুলাই শহীদ আফিকুল ইসলাম সাদের মতো অনেক শিক্ষার্থী, নাগরিক, শিশু-কিশোরের প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন আমরা তাদের স্মরণ করে যাব।’
তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আফিকুল ইসলাম সাদের মতো অনেকে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, আবার অনেকে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের সবার পাশে আমাদের প্রধানমন্ত্রী ও বিএনপি সরকার আছে এবং থাকবে।’
এমপি তমিজ উদ্দিন বলেন, ‘ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে খুব দ্রুত সময়ের মধ্য শহীদ আফিকুল ইসলাম সাদ স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শেষ হবে।’
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, শহীদ আফিকুল ইসলাম সাদের বাবা ডা: শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, দফতর সম্পাদক মিকাইল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদারসহ রাজনৈতিক দলের নেতা-কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








