আটক জাল নোট তৈরির কারবারি
আটক জাল নোট তৈরির কারবারি। সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বিপুল পরিমাণ জাল নোটসহ মো: মোস্তফা (৪২) নামে এক জাল টাকা তৈরির কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। তার কাছ থেকে সাত লাখ নয় হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট ও দু’টি মোবাইলফোন উদ্ধার করা হয়।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোস্তফা পটুয়াখালী জেলা সদরের মাদারবুনিয়া ইউনিয়নের বোতলবুনিয়া গ্রামের মরহুম আমজাদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজার এলাকায় সিপিসি-২ নাটোর ও সিপিএসসি রাজশাহীর একটি যৌথ দল অভিযান চালায়। এ সময় মোস্তফাকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে জাল টাকা ও দু’টি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে জালনোট ও মোবাইলসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা ও জাল টাকা নিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।