জীবননগর থানা, গাছ, লাশ উদ্ধার, কৃষক
জীবননগর থানা। সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে গাছ থেকে রায়েট (৫৭) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর মাঠপাড়া গ্রামে থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মৃত রায়েট গয়েশপুর মাঠপাড়া গ্রামের মরহুম ফকির চানের ছেলে। পরিবারের দাবি, তিনি মানসিক বিকারগ্রস্থ ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কৃষক রায়েট বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে বের হন। শুক্রবার সকালে বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি মাঠের নিমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পারিবারিক চাপ ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর জীবননগর থানা পুলিশ লাশে সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে বিকাল সাড়ে ৩টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম পুকু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রায়েট মানসিকভাবে একটু
ভারসাম্যহীন। ঘটনার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে তার লাশ মাঠের একটি নিমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।’

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ‘আপাতত বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ বলা সম্ভব।’