গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দুর্বৃত্তদের হামলা, আহত ২ 
ইয়াবাসহ আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। নয়া দিগন্ত

গাজীপুরের জয়দেবপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ইয়াবাসহ আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিতে এ হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়। পুলিশ সদস্যদের বিচক্ষণতায় হামলাকারীরা আটক আসামিদের ছাড়িয়ে নিতে পারেনি।  

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে ইয়াবা বিক্রির সময় ৫৮ পিস ইয়াবাসহ আনিছ (১৮) ও শিমলা (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করে রেলওয়ে পুলিশ। আটক আনিছ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাইজাদি গ্রামের হারেছ মিয়ার ছেলে এবং শিমলা গাজীপুর মেট্রোপলিটন সদর থানার চা বাগান বাঁশতলা এলাকার সেলিম মিয়ার মেয়ে।

আটকের পর তাদেরকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরই চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল মাদক কারবারি ফাঁড়িতে হামলা চালায়। তারা ফাঁড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র দিয়ে দরজা-জানালা ভাঙচুর করে। পরে পুলিশ সদস্যদের নানা ধরনের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে পুলিশ সদস্যদের সাহসিকতায় আটক দুইজনকে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা।

জয়দেবপুরের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, ‘সাত-আটজনের একটি সন্ত্রাসী দল চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে স্টেশন এলাকায় প্রবেশ করে। তারা প্রথমে আমার কক্ষের দরজা-জানালায় কোপ দিয়ে ভাঙচুর চালায়, পরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে হামলাকারীদের গ্রেফতারে জোরালো অভিযান চলছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, ‘পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঢাকা রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে। আটক আনিছ ও শিমলাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’