জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজ। সংগৃহীত

বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং দক্ষ, কর্মমুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন। আগামী শনিবার (১৭ অক্টোবর) আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) প্রধান মিলনায়তনে এ সম্মেলন শুরু হবে।

Advertisement

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ শীর্ষক সম্মেলনে প্রায় ১৫টি দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয়ের ভিসিরা অংশ নেবেন। এতে প্রায় ১০০টি গবেষণাপত্র উপস্থাপনের কথা রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মূল সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজ। তিনি বলেন, কর্মসংস্থান উপযোগী দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা, জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বয় জরুরি।

মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম), বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ইসলামিক থটের মহাসচিব অধ্যাপক ড. ওমর হাসান কাসুলে সিনিয়র, ইউএসআইএমের ভিসি অধ্যাপক টিএস ড. শরিফুদ্দিন মোহাম্মদ শা’আরানী এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ফজলী ইলাহীসহ দেশী-বিদেশী শিক্ষাবিদরা।

আয়োজকেরা জানান, মালয়েশিয়ার সমন্বিত শিক্ষা, তুরস্কের ‘সেঞ্চুরি অব তুরস্ক মারিফ মডেল’, ইন্দোনেশিয়ার ‘মারদেকা কারিকুলাম’ এবং বাংলাদেশের শিক্ষা সংস্কার নিয়ে সম্মেলনে আলোচনা হবে। শিক্ষা ও নেতৃত্বের উন্নয়ন, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধের বিকাশে কার্যকর দিকনির্দেশনা খুঁজে বের করাই এ আয়োজনের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে সম্মেলনের সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ সরওয়ার মোর্শেদ ও সমন্বয়ক ড. সৈয়দ শহীদ আহমদ বক্তব্য দেন।