রায়পুরা থানা, মাদকাসক্ত, ছেলে, হত্যা, বাবা
রায়পুরা থানা। সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলে তারেক মিয়াকে (২৭) হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমানের বিরুদ্ধে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চার বছর আগে জীবিকার তাগিতে মালয়েশিয়া পাড়ি দেন তারেক। সেখানে অবস্থানকালে তিনি মাদক সেবনের সাথে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দেশটির পুলিশ তাকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আড়াই বছর আগে দেশে ফেরার পর থেকে নিয়মিত মাদক সেবন করতেন তিনি। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। 

বুধবার মাদকের টাকার জন্য বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন তারেক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাবা অলিউর ছেলেকে গোয়ালঘরে নিয়ে হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তারেকের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশীদ জানান, তারেক মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাবা অলিউর রহমান ছেলেকে হত্যা করেন।

রায়পুরা থানার ওসি মজিবুর রহমান জানান, নিহত তারেক মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারে কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনার জেরে বাবা ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন। নিহত তারেকের ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক রয়েছে।