
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়কে বেকার তৈরির কারখানা বলা হলেও বাস্তবতা ভিন্ন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিভিন্ন খাতে কাজ করছে। দেশের রেমিট্যান্স বৃদ্ধিতেও তাদের অবদান রয়েছে।’
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘কানেক্টিং এভরি ক্যাম্পাস’ সিম বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ঢাকা বিভাগের স্নাতক, স্নাতকোত্তর ও প্রফেশনাল পর্যায়ের ৩৭০টি কলেজের অধ্যক্ষদের মধ্যে এসব সিম বিতরণ করা হয়।
ভিসি বলেন, ‘শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও সিলেবাসে বড় ধরনের সংস্কার চলছে। পাঠ্যক্রম এমনভাবে সাজানো হচ্ছে, যাতে শিক্ষার্থীরা চাকরির প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বসেও আয় করতে পারেন।’
সিলেবাস সংস্কারের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘অনার্স দ্বিতীয় বর্ষের সিলেবাস ভ্যালিডেশন শেষে আপলোড করা হয়েছে। প্রায় ৫০টি বিষয়ে পাঁচ হাজারের মতো কোর্স রয়েছে। এসব কোর্স সংস্কারের কাজ চলছে। এর মধ্যে ৪০০টি কোর্সের সংস্কার শেষ হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে পাস কোর্সের সিলেবাস ভ্যালিডেশন শেষে আপলোড করা সম্ভব হবে বলে আশা করছি।’
শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক আমানুল্লাহ বলেন, ‘শিক্ষকদের আইসিটিবিষয়ক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যেসব কলেজে আইসিটি ল্যাব নেই, সেসব কলেজে ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়া হবে।’
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘আধুনিক প্রযুক্তি বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির জ্ঞান ও পরিকল্পনা প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অগ্রযাত্রায় গ্রামীণফোন পাশে থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতা অতিক্রম করে বিশ্বমঞ্চে ভালো করছে। সম্প্রতি এআই অলিম্পিয়াডে মফস্বলের শিক্ষার্থীদের সাফল্য এর উল্লেখযোগ্য উদাহরণ।’
তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন সুযোগ কাজে লাগিয়ে তরুণদের বৈশ্বিক মানের শিক্ষায় গড়ে তুলতে হবে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সমাধান ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে গ্রামীণফোন প্রস্তুত।’
তিনি আরো বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে ডিজিটালভাবে সংযুক্ত করার লক্ষ্যে ‘কানেক্টিং এভরি ক্যাম্পাস’ উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগের পাশাপাশি ডিজিটাল শিক্ষাসহায়ক সুবিধা পাবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দফতরের পরিচালক মো: আমিনুল আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক প্রশিক্ষণ দফতরের পরিচালক সালমা পারভীন ও আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দফতরের উপপরিচালক মো: আকরাম হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, প্রধান প্রকৌশলী মো: মিজানুর রহমান, সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ শেখ মো: জুলহাস উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








