পূজামণ্ডপগুলোতে চাল ও আর্থিক অনুদান বিতরণ করা হচ্ছে
পূজামণ্ডপগুলোতে চাল ও আর্থিক অনুদান বিতরণ করা হচ্ছে। নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৩৫টি পূজামণ্ডপে জিআর চাল ও ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এই অনুদান ও চাল তুলে দেয়া হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকার সব সময় আপনাদের পাশে ছিল, আছে, আগামীতেও থাকবে। আগের সরকারের আমলে পূজামণ্ডপের জন্য ৫০০ কেজি করে জিআর চাল বরাদ্দ থাকলেও বিএনপি সরকার সেটাকে বাড়িয়ে ৬০০ কেজি করে জিআর চাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি, আগামীতে আপনাদের আরো বেশি সহায়তা দেয়া হবে।