সুধারাম মডেল থানা
নোয়াখালীতে অটোরিকশার গ্যারেজ থেকে ইয়াবা, পাইপগান ও কার্তুজসহ গ্রেফতার ৩। নয়া দিগন্ত

নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে ইয়াবা, দেশীয় অস্ত্র, কার্তুজ ও সিসি ক্যামেরাসহ তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Advertisement

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে একই দিন সকাল ৯টায় পরিচালিত এক এসআরবি-১১, ডিএনসি ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পূর্ব এওয়াজবালিয়া গ্রামের মরহুম ইউছুপ মিয়ার ছেলে মামুন উর রশিদ (৩৭), চাড়ুবানু গ্রামের মো: আব্দুল হানিফের ছেলে আব্দুল মন্নান (২৭) এবং বারাইপুর গ্রামের মাফিজুর রহমানের ছেলে মানজুর রহমান সাকিল (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো: হাবিবুর রহমান, এসআরবি-১১ সিপিসি-৩ ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন এবং সুধারাম মডেল থানার উপপরিদর্শক সুমন বণিকের নেতৃত্বে যৌথ বাহিনী ৮নম্বর এওয়াজবালিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব এওয়াজবালিয়া গ্রামে মামুন উর রশিদের অটোরিকশার গ্যারেজে অভিযান চালায়।

অভিযানকালে গ্যারেজের ভেতরের একটি বিশ্রামকক্ষ থেকে ৪৪ পিস ইয়াবা, ১টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ১টি সতেজ সিসা কার্তুজ, ৩টি মোবাইল ফোন, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ব্যবহৃত ৩টি সিসি/আইপি ক্যামেরা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে গ্যারেজের ভেতরের কক্ষটিতে ক্যামেরা বসিয়ে ইয়াবা সেবন ও বিক্রির আখড়া হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে পাইপগান ও কার্তুজ মজুত রাখা হয়েছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ আরো জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় সুধারাম মডেল থানায় দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।