মৃত্যু
একসাথে স্বামী-স্ত্রীর জানাজা। নয়া দিগন্ত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন স্বামীও। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর স্বামী রোমান মোল্যার (৬০) মৃত্যু হয়েছে। 

Advertisement

আজ সোমবার (১২ অক্টোবর) তাদের সন্তান জসিম মোল্যা বিদেশ (কুয়েত) থেকে দেশে আসার পর তার মা-বাবার দাফন করার কথা রয়েছে। এর আগে রোববার জোহর নামাজবাদ স্বামী-স্ত্রীর একই সাথে জানাজা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। মাঝে-মধ্যে একটু সুস্থ হলেও প্রায় সময়ই অসুস্থ থাকতেন তার স্ত্রী। এ পরিস্থিতিতে শনিবার রাত ২টার দিকে বাড়িতে মৃত্যুবরণ করেন রোমান মোল্যার স্ত্রী। 

তিনি আরো জানান, ঘরে স্ত্রীর লাশ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান তিনি। ওই মসজিদের নিয়মিত মোয়াজ্জিন রোমান মোল্যা নামাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। অন্য মুসল্লিরা তাকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও মৃত্যুর কোলে ঢল পড়েন তিনি।

এদিকে, রোববার জোহর নামাজ বাদ স্বামী-স্ত্রীর একই সাথে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার ছেলে জসিম বিদেশ (কুয়েত) থেকে দেশে আসার পর সোমবার দাফন করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও জানান শিহাব। 

স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে তাদের পরিবার-পরিজন ও প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।