কিশোরগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা
কিশোরগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা। নয়া দিগন্ত

নিজের নামের আগে-পরে ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

Advertisement

তিনি বলেন, ‘আমাকে সম্বোধনের ক্ষেত্রে ‘মাননীয়’ নয়, নামের সাথে ‘প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ লিখলেই হবে। তবে ‘সংসদ সদস্য’ বা ‘এমপি’ পরিচয়ে সম্বোধন করলেও আমি খুশি হব।’

রোববার (১১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক (ডিসি) ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আমার নামের নিচে ‘মাননীয় প্রতিমন্ত্রী’ লিখেছেন। আমাদের নামের আগে বা পরে ‘মাননীয়’ শব্দটি ব্যবহার করবেন না। এ বিষয়ে মন্ত্রিপরিষদ থেকে আপনাদের চিঠি দেয়া হয়েছে। আমাকে সম্বোধন করতে হলেও শুধু আমার নাম সম্বোধন করবেন। আর পরিচয়ের জন্য ‘প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ লিখবেন। মাননীয় বলবেন না। তবে নান্দাইলের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই সংসদ সদস্য বা এমপি লিখলে বা বললে আমরা খুশি হই।’

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পূজাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা দেখা না গেলেও সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজস্ব বিবেচনায় পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা নির্ধারণ করবে। তবে রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিটি পূজামণ্ডপই গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘আমাদের দলীয় নেতাদের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের নেতারাও যেন সম্মিলিতভাবে পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তায় ভূমিকা রাখেন। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও পাহারার ব্যবস্থা করতে পারেন। কোনো পলাতক গোষ্ঠী বা নিষিদ্ধ সংগঠন যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।’

পূজামণ্ডপে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ধারণ করা দৃশ্য সংরক্ষণ এবং অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সিসিটিভির ধারণ করা দৃশ্য যেন সংরক্ষিত থাকে। পাশাপাশি বৈদ্যুতিক আগুনসহ বিভিন্ন ধরনের আগুন নেভানোর উপযোগী অগ্নিনির্বাপণ যন্ত্র রাখতে হবে, যাতে দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেয়া যায়।’

কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বৈধভাবে বালু উত্তোলনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র আছে কি-না, তা যাচাই করতে হবে। কোনোভাবেই অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া যাবে না।’

পূজার ছুটি বাড়ানোয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ছুটির সময়েও জেলা ও উপজেলা প্রশাসনের তদারকি অব্যাহত রাখতে হবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেয়ার উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পূজামণ্ডপগুলোতে আজান ও নামাজের সময়সূচি পৌঁছে দেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘জেলা প্রশাসনকে একটি সময়সূচি তৈরি করে প্রতিটি পূজামণ্ডপে দিতে হবে। এতে আয়োজকরা আজান ও নামাজের সময় সম্পর্কে জানতে পারবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।’

জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ।

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।