
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তরে নিখোঁজের ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার (৩) নামে এক শিশুর কাপড়ে মোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীর ঘরের আলনায় জুতার বক্সের ওপর লুকিয়ে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশু হালিমা একই এলাকার নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে। গ্রেফতাররা প্রতিবেশী আবদুল আউয়াল, তার স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে হালিমা নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় মসজিদের মাইকেও প্রচার চালান। পরে বিকেল ৫টার দিকে পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানালে দাঁতমারা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের সদস্যদের সাথে নিয়ে তল্লাশি চালানোর একপর্যায়ে রাত ৯টার দিকে প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের আলনার জুতার বক্সের ওপর কাপড়ে মুড়িয়ে রাখা অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়।
নিহত শিশুর বাবা নাছির কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার কলিজার টুকরোকে তারা নির্মমভাবে হত্যা করে ঘরের আলনায় লুকিয়ে রেখেছিল। আমার মেয়ের মাথা ও সারা শরীরে নির্যাতনের কালো দাগ রয়েছে। আমি আমার নিষ্পাপ মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আটক তিনজনকে আসামি করে ভূজপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ পাওয়ায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








