হেফাজতে ইসলাম
শানে রেসালাত সম্মেলন। নয়া দিগন্ত

বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী লন্ডন থেকে এসে বলেছিলেন মদীনা সনদে দেশ চালাবেন। আমরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলবো, রাসূলকে (সা.) নিয়ে যারা কটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে। এছাড়া আমরা বলব, সংসদে আইন পাস করে যেন কাদিয়ানীদের নিষিদ্ধ করা হয়।’

Advertisement

শনিবার (১০ অক্টোবর) বিকেলে ফেনীতে হেফাজতে ইসলামের আয়োজনে শহরের ঐতিহাসিক মিজান ময়দানে শানে রেসালাত সম্মেলনে তিনি এসব বলেন।

তিনি বলেন, ‘রাসূলের (সা.) শান-মান ও মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। তার শানের প্রতি আমাদের ইমান আনতে হবে। রাসূলের (সা.) শান রক্ষা করার জন্য প্রয়োজন হলে আমাদের রক্ত দিতে হবে। বাংলাদেশে কেউ রাসূলকে (সা.) গালি দিতে পারবে না। কওমি মাদরাসা যতদিন থাকবে ততদিন এদেশের মাটিতে রাসূলকে (সা.) নিয়ে কোনো কটুক্তি সহ্য করা হবে না।’

এ সময় বক্তারা বলেন, রাসূল (সা.) এবং সাহাবীদের শান, মান ও মর্যাদা নিয়ে যারা কথা বলে আমরা তাদের বিরুদ্ধে সবসময় আছি এবং থাকবো। যারাই রাসূল (সা.) ও সাহাবিদের শান, মান ও মর্যাদা নিয়ে কথা বলবে, তাদের প্রতিহত করবো আমরা। আমরা চাই এদেশে রাসূলকে (সা.) নিয়ে যেন কেউ কটুক্তি করতে না পারে। এছাড়া আমরা চাই, কাদিয়ানীদের যেন নিষিদ্ধ করা হয়।

হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা আফজালুরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওমর ফারুক এর সঞ্চালনায় বিশেষ মেহমান ছিলেন সোনাগাজী ওলামাবাজার মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম আদিব, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরাইশী, মধপুর পীরসাহেব আল্লামা আবদুল হামীদ মধুপুরী ও  কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এসময় আরো বক্তব্য রাখেন ঢাকার মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা হাবিবউল্লাহ মিয়াজী, মাওলানা আহমদ আল কাসেমী, চট্টগ্রামের মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হারুন ইজহার চৌধুরী, ঢাকা থেকে মুফতি শাখাওয়াত হোসেন রাজী, মুফতি হাবিবউল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী ও লস্করহাট জামেয়া রশীদিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা মুফতি শহীদুল্লাহ।