
বগুড়ায় জুস খাইয়ে সুনীল চন্দ্র রায় (৫০) নামে এক চালককে অজ্ঞান করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে জেলার গাবতলী উপজেলার পেরিরহাট ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
চালক সুনীল চন্দ্র রায় ধুনট উপজেলার সদর ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের বাসিন্দা।
জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তিন নারী ও এক পুরুষ সুনিলের ইজিবাইকটি রিজার্ভে গাবতলী যাওয়ার জন্য ভাড়া নেন। পথিমধ্যে তারা ইজিবাইকটি নিয়ে গাবতলী উপজেলার বাগবাড়ী বাজার এলাকায় পৌঁছালে একটি মুদির দোকানে সবাই মিলে জুস পান করেন। তখন কৌশলে ইজিবাইক চালককে জুসের সাথে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দেন যাত্রীবেশী ছিনতাই চক্রের সদস্যরা।
এরপর ইজিবাইকযোগে পেরিরহাট ইটভাটার কাছে পৌঁছালে চালক সুনীল চন্দ্র রায় অজ্ঞান হয়ে পড়েন। তখন কথিত যাত্রীরা তাকে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন চালক সুনিলকে উদ্ধার করে তার কাছে থাকা মোবাইলফোনের মাধ্যমে তার পরিবারকে জানায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








