সোলার সিস্টেম উদ্বোধন
সোলার সিস্টেম উদ্বোধন। নয়া দিগন্ত

বিদ্যুতের চাহিদা পূরণ করতে ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেলের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষী কোল্ডস্টোরেজে এই সোলার প্যানেলের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো: রফিকুল হক।

Advertisement

জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনগণকে আগ্রহী করতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা।

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ শাখা, ঠাকুরগাঁওয়ের সহকারী কমিশনার ইমরান কবির, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী লুৎফুল হাসান সরকার, লক্ষী প্রিজারভস প্রাইভেট লিমিটেডের সহকারী পরিচালক মফিজুল ইসলাম।

মফিজুল ইসলাম বলেন, এই ৩২২ কিলোওয়াটের সোলার বিদ্যুৎ স্টেশন স্থাপনের ফলে আমরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটাতে পারব। এছাড়াও অফ-সিজনে আমাদের উৎপাদিত ৩২২ কিলোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি ও সার্বিক সহযোগিতায় লক্ষী প্রিজারভস প্রাইভেট লিমিটেড নিজস্ব অর্থায়নে এই ৩২২ কিলোওয়াট সোলার প্যানেলটি স্থাপন করেছে। আর এতে খরচ হয়েছে এক কোটি ২৫ লাখ টাকা।