
ঝালকাঠির কাঁঠালিয়ায় মৎস্য বিভাগের অভিযানের গুজবে দৌড়ে পালাতে গিয়ে মো: ফরিদ তালুকদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ফরিদ তালুকদার কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ফরিদ আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকার খালে মাছ ধরতে বাঁধাজাল বসান। সকাল ৬টার দিকে খালে ইঞ্জিনচালিত ট্রলারের শব্দ শুনে মৎস্য বিভাগের অভিযানের ভয়ে তিনি নৌকা থেকে নেমে খালের পাড়ে দৌড় দেন।
এ সময় ফরিদ তালুকদার তার ভাই আবদুর রহমান তালুকদারকে ফোন করে বলেন, ‘আজ মনে হয় আমার জালটা নিয়ে যাবে।’ খবর পেয়ে আবদুর রহমান খালের পাড়ে গিয়ে দেখেন, সেখানে কোনো মৎস্য কর্মকর্তা নেই এবং তার নৌকাটি খালের মাঝখানে খালি পড়ে আছে। পরে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে নৌকা থেকে প্রায় ৫০ ফুট দূরে ছোনাউটা গ্রামের একটি বাগানে ফরিদকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার জানান, ওই রাতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মকবুল হোসেনের নেতৃত্বে আওরাবুনিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। আমুয়া ইউনিয়নে তাদের কোনো দল অভিযান চালায়নি।
কাঁঠালিয়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক সোহেল রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








