
কুমিল্লায় আয়োজিত গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা। রংপুর ও রাজশাহী অঞ্চলের সমন্বয়ে গঠিত চাঁপা দলের হয়ে খেলে টানা তিনটি ম্যাচে জয় পেয়ে এ গৌরব অর্জন করেন তারা।
শুক্রবার (৯ অক্টোবর) কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় খুলনা ও বরিশাল অঞ্চলের সমন্বয়ে গঠিত গোলাপ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চাঁপা দল। এর আগে বৃহস্পতিবার কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সমন্বয়ে গঠিত বকুল দলকে এবং বুধবার ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের পদ্ম দলকে হারায় তারা।
বিজয়ী দলের শিক্ষার্থী নুরে মুমতারিন জিন্নাত ও জাকিয়া সুলতানা জিম বলেন, আমরা নিয়মিত প্রশিক্ষণ নিতাম। বিদ্যালয়ের শিক্ষক ও কোচের আন্তরিক সহযোগিতায় এ বিজয় অর্জন করেছি। আমরা জাতীয় দল ও দেশের বাইরে খেলতে চাই।
চাঁপা দলের কোচ ফয়জুন নেছা মনা বলেন, ‘বিদ্যালয়ের পাশে আমার মানচিত্র স্পোর্টস ক্লাব রয়েছে। সেখানে নিয়মিত প্রশিক্ষণ নেয়ায় মেয়েরা ভালো করেছে। আমি স্বপ্ন দেখি, এই মেয়েরা একদিন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে। কাবাডি ছাড়াও তারা বিভিন্ন খেলায় পারদর্শী। অধিকাংশ মেয়েই নিম্নবিত্ত পরিবারের। খাবার ও ক্রীড়াসামগ্রী দিয়ে সহযোগিতা করা হলে তারা আরো ভালো করবে।’
শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্প করে মেয়েদের প্রস্তুত করেছি। বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়েই কুমিল্লায় এসেছিলাম। কোচ ফয়জুন নেছা মনাসহ সবার সহযোগিতায় এ সাফল্য এসেছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মো: সাঈম মিয়া বলেন, ‘লিগ পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী চাঁপা দলসহ অংশ নেয়া সবাইকে অভিনন্দন জানাই। চ্যাম্পিয়ন দলকে শনিবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেয়া হবে।’
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) শারীরিক শিক্ষা বিভাগ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারাদেশ থেকে বাছাই করা ৩৬৮ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের এ চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








