সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নয়া দিগন্ত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। যাদের দায়িত্ব পালনের সক্ষমতা আছে, তাদেরকেই শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।’

Advertisement

তিনি বলেন, ‘পলিসিগত ও সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতেই নিয়োগের এই সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে।’

‎শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) আয়োজিত ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে কিছু ক্ষেত্রে সামান্য দুর্বলতা বা ভুলত্রুটি তৈরি হলেও, প্রাথমিক শিক্ষা অধিদফতর অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তা সংশোধন করছে। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টিকেও নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।’
‎
তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের অবস্থান, পাঠদান মনিটরিং ও কারিকুলাম উন্নয়নসহ প্রতিটি সেক্টর নিয়ে একযোগে কাজ করছে। পুরো শিক্ষাব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজাতে এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে যথাযথ নির্দেশনা দেয়া হয়েছে।’
‎
তিনি আরো বলেন, ‘যাদের আগামী দিনে এই দায়িত্ব সুন্দরভাবে পালনের মতো প্রয়োজনীয় ক্যাপাবিলিটি রয়েছে, কেবল তাদেরকেই শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।’
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ নিটারের শিক্ষক-শিক্ষার্থী, আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।