নিহত কলেজছাত্র চৌধুরী ফুয়াদ হাসান রোহান
নিহত কলেজছাত্র চৌধুরী ফুয়াদ হাসান রোহান। নয়া দিগন্ত

রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রোহান চৌধুরী রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো: রোকনউদ্দিন চৌধুরীর নাতি ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করে  জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ডোবা থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের কারণ ও এর সাথে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, লাশটি পেট কাটা অবস্থায় ছিল।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর রোহান নিখোঁজ হন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানের ডোবায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বস্তাবন্দি অবস্থায় রোহানের লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের খবর পেয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।