রিমান্ড, আদালত
রিমান্ডপ্রাপ্ত আসামিরা। নয়া দিগন্ত

নেত্রকোনার মোহনগঞ্জে আলোচিত ভুয়া এনআইডি ও জাল খারিজ চক্রের তিন সদস্যের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক সানজানা হক এ আদেশ দেন। মোহনগঞ্জ থানার ওসি মো: হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন মোহনগঞ্জের টেংগাপাড়া গ্রামের মরহুম এ কে এম মাহবুবুল হকের ছেলে এস এম রাকিবুল হক বাপ্পি (২৮), বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের হামিদুল মুন্সির ছেলে শাকিল (৩২) ও হাট মোহনগঞ্জ এলাকার মরহুম কালী সাধন দত্তের ছেলে সুটন দত্ত (৪৩)।

আদালত সূত্রে জানা গেছে, আদালতে আসামিরা জামিন আবেদন করলে উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দেন বিচারক।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ভুয়া এনআইডি, জাল খারিজ, ভুয়া জন্মনিবন্ধন, জাল খতিয়ান, জাল পৌরসভার ট্রেড লাইসেন্স ও জাল দলিল তৈরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী মো: সাদ্দাম হোসেন মোহনগঞ্জ থানায় মামলা করেন।