
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘নির্বাচন কমিশনকে আরো বেশি শক্ত হতে হবে। তাদের কথা ও কার্যক্রমে মনে হচ্ছে তাদের মেরুদণ্ড এখনো সোজা হয়নি। অবশ্যই নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা করে দায়িত্ব পালন করতে হবে।’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রতীক বরাদ্দের আগের দিন বুধবার (৭ অক্টোবর) রাতে বিএনপি ঠাকুরগাঁওয়ে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড স্থাপন করায় নিন্দা জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনেও এ ধরনের অনিয়ম অব্যবস্থাপনা হয়েছে। বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, কিন্তু তারা কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। এখানে যা হয়েছে আমার মনে হয়, সরকারি দলকে বিশেষ সুবিধা দেয়ার জন্য এমনটা করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা ঠাকুরগাঁওয়ে কোনো মাগুরা মার্কা নির্বাচন দেখতে চাই না। এখানে কোনো অনিয়ম, কারচুপি হলে জাতি সেটা মেনে নেবে না। নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য যারা দায়িত্বে আছেন তাদেরকে জনগণের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে।’
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) বেলাল হোসেন, জামায়াতের সাবেক ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, বর্তমান জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, প্রচার সেক্রেটারি শাহজালাল জুয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচটি রাজনৈতিক দল থেকে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের আজকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
প্রার্থীরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল নিজামী (বট গাছ) ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংবিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








