চট্টগ্রাম বন্দর, বিপজ্জনক রাসায়নিক পদার্থ
চট্টগ্রাম বন্দরে থাকা পুরোনো ও বিপজ্জনক রাসায়নিক পদার্থের ৯টি কনটেইনার ধ্বংস করা হবে। ইউএনবি

চট্টগ্রাম বন্দরে দুই দশক ধরে পড়ে থাকা পুরোনো ও বিপজ্জনক রাসায়নিক পদার্থ ধ্বংসের জন্য ৯টি কনটেইনার নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে। রূপগঞ্জে অবস্থিত ওয়াটা কেমিক্যাল লিমিটেডে এগুলো ধ্বংস করা হবে।

Advertisement

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে চার নম্বর গেট দিয়ে মিথানলের পাঁচটি, থিনারের দুটি এবং সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের একটি করে কনটেইনার নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়।

এসব বিপজ্জনক রাসায়নিক ধ্বংস করার উদ্দেশ্যেই চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার রাসেল আহমেদ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, ১৫ থেকে ২০ বছর আগে বিভিন্ন শিল্পকারখানার কাঁচামাল হিসেবে এসব রাসায়নিক আমদানি করা হয়েছিল। তবে আইনি ও প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন কারণে এগুলো বন্দর থেকে খালাস করা হয়নি। দীর্ঘ সময় এসব রাসায়নিক বন্দরে পড়ে থাকায় বন্দরের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে ওঠে।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ মোহাম্মদ হামিম জানান, বিপজ্জনক ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিকের ৯টি কনটেইনার সরানো হয়েছে। বন্দরের নিরাপত্তা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে এগুলো নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেয়া হচ্ছে। সেখানে ওয়াটা কেমিক্যালসের কারখানায় রাসায়নিকগুলো ধ্বংস করা হবে।

প্রথম ধাপে ৯টি কনটেইনার সরানো হলেও ধাপে ধাপে বাকি কনটেইনারগুলোও সরানো হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সূত্র : ইউএনবি