
মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সকালে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল এই তথ্য জানান। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মালির অংক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার আপর গ্রামের মো: জয় বেপারী (২৮), বেজগাঁও গ্রামের রফিকুল ইসলাম রানা (৩৩) ও অন্ত দেওয়ান (২১) এবং দক্ষিণ মশদগাঁও গ্রামের মো: রিফাত হোসেন ডাকু (২৪)।
জেলা ডিবি পুলিশের ওসি আশফাক রাসেল নয়া দিগন্তকে জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম উপজেলার মালির অংক বাজার এলাকায় পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় জয় বেপারী, রফিকুল ইসলাম রানা, অন্ত দেওয়ান ও রিফাত হোসেন ডাকুকে ১০ (দশ) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








