বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেছে লোহাগড়া ক্লাব। লায়নস ইন্টারন্যাশনাল ডিসট্রিক ৩১৫এ২, বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত চিকিৎসা ক্যাম্পে চারজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) সকালে লোহাগড়া ক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় চার শতাধিক রোগী সেবা গ্রহণ করে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া ক্লাবের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র  আইনজীবী কামরুজ্জামান কচি, সাধারণ সম্পাদক জেলা ও দায়রা জজ মো: আশিকুর রহমান, মাহফুজুর রহমান জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্য ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা।

চিকিৎসাসেবা নিতে আসা রোগী কামরুল ইসলাম (৭৫) বলেন, ‘টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারি না। আজ এখানে বিনামূল্যে চোখ দেখালাম, ওষুধও পেলাম।’

এলাকাবাসীর দাবি, এই মহতী উদ্যোগ যেন আগামীতেও ধারাবাহিক থাকে। প্রতি তিন মাস পর পর যদি এমন বিনামূল্যে চক্ষু ক্যাম্প করা হয়, তাহলে লোহাগড়ার হাজারো অসহায় মানুষ উপকৃত হবে।