
রাঙামাটির নানিয়ারচরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে দিবসটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত প্রসারের ফলে মানুষের কাছে তথ্য পৌঁছানোর সুযোগ যেমন বেড়েছে, তেমনি ভুল, বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ পরিস্থিতিতে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলা জরুরি। গুজব ও অপতথ্যের বিস্তার রোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এর আগে নানিয়ারচর উপজেলা হল রুমের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় হলরুমের সামনে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় যোগ দেন।
এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সুশোভন চাকমার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, মাইছছড়ি মৌজার হেডম্যান দীপন দেওয়ান, কারবারি শান্তি রঞ্জন চাকমা ও নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মেহেদী ইমাম।
এসময় এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা তুগুন চাকমাসহ সিসিএম সদস্যরা উপস্থিত ছিলেন।









