বন্ধ বাস চলাচল, বিপাকে সাধারণ যাত্রী
বন্ধ বাস চলাচল, বিপাকে সাধারণ যাত্রী। নয়া দিগন্ত

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৮ সেক্টেম্বর) সকাল থেকেই জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রেখে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

এর আগে, রোববার (২৭ সেক্টেম্বর) সকাল ৭টা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর রুটে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। হঠাৎ করে ধর্মঘটের কারণে গন্তব্যে পৌঁছাতে বিপাকে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষরা।

জানা গেছে, শনিবার (২৬ সেক্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের মধ্যে ঝামেলা হয়। এর জের ধরে ওইদিনই জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও সুপারভাইজারকে মারধর করে সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

এতে গুরুতর আহত অবস্থায় চালক রুবেল হোসেনকে উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদরে নেয়া হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এর প্রতিবাদে রোববার সকাল ৭টা থেকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন বাস শ্রমিকরা।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বাড়তি ভাড়া গুণতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এছাড়া গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময়ও ব্যয় হচ্ছে।

বাস মালিক ও শ্রমিকরা জানান, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শহরের বাইরে পরিবহন করতে পারবে না। কিন্তু তারপরও তারা শহরে ও আঞ্চলিক মহাসড়কে যাত্রী পরিবহন করে। এ নিয়ে প্রায় তাদের সাথে ঝামেলা লেগেই থাকে। এছাড়া আঞ্চলিক মহাসড়কেও সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করায় অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়।

জেলার পোরশা উপজেলা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি জরুরি কাজে এসেছেন হামিদুর রহমান। তিনি জানান, পোরশা বাসস্ট্যান্ডে এসে দেখি বাস চলাচল বন্ধ। পরে বাধ্য হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তিন দফায় নওগাঁ শহরে আসতে হয়েছে। এতে ১৫০ টাকার ভাড়ার বিপরীতে প্রায় ৩০০ টাকা গুণতে হয়েছে। এছাড়া সময় বেশি লেগেছে প্রায় দেড় ঘণ্টা।

নওগাঁ শহরে কাজ শেষ করে ধামইরহাট উপজেলায় যাওয়ার জন্য অপেক্ষামান মতিউর রহমান জানান, নওগাঁ বাসস্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। আমার কাছে মাত্র ২০০ টাকা আছে। কিভাবে যাব তা ভেবে পাচ্ছি না।

ঢাকাগামী যাত্রী সানোয়ার হোসেন বলেন, বাড়ি থেকে এসে দেখি ঢাকার বাস চলাচল বন্ধ। আমার বাসের টিকিট কাটা আছে। সুপারভাইজারকে ফোন দিলে বলে আদমদিঘি উপজেলায় আসতে হবে। আমার যেতে বিলম্ব হওয়ায় বাসটি চলে গেছে।

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে সিএনজিচালিত অটোরিকশার মালিকদের সাথে কয়েক দফা আলোচনা হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

নওগাঁর অতিরিক্ত পুলিক সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে বাস মালিক ও শ্রমিকদের সাথে কয়েক দফা আলোচনা হয়েছে। বাস মালিক সমিতি থেকে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।