
খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদার (৫৫) ২৭ বছর দেশের বাইরে আত্মগোপনে থাকার পর এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ টিমের হাতে গ্রেফতার হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জয়নাল বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, খুলনার রূপসা থানায় করা একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিল জয়নাল সরদার।
এসআরবি সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় জয়নালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।এ ছাড়া লাশ গুমের অপরাধে তাকে পৃথকভাবে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই জয়নাল আত্মগোপনে ছিলেন।
এসআরবির একটি সূত্র জানায়, জয়নাল পরিচয় বদলে ২৭ বছর আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে ভারত-কুয়েতে আত্মগোপন ছিলেন। তাকে গ্রেফতারের পর মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।








