কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দিচ্ছেন সফিকুর রহমান কিরণ
কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দিচ্ছেন সফিকুর রহমান কিরণ। নয়া দিগন্ত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি ও ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ ২৪৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নড়িয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ।

এ সময় প্রধান অতিথি সফিকুর রহমান কিরণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ভালো ফলাফল শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। তবে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না। নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম ছাইদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান মিসেস ফারহানা কাদির রহমান, এভারেস্ট বিজয়ী মিজ নুরুন্নাহার নিম্মি, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: তাজুল ইসলাম।

এছাড়া নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম (দাদন) মুন্সি, সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো: মাহবুব আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ছৈয়ালসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২৪৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি সফিকুর রহমান কিরণ ও অন্যান্য অতিথিবৃন্দ।