পদ্মা নদীতে পড়ে নিখোঁজ কৃষক উজির মন্ডল
পদ্মা নদীতে পড়ে নিখোঁজ কৃষক উজির মন্ডল। নয়া দিগন্ত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে পানির তোড়ে ভেসে গেছে উজির মন্ডল নামে এক কৃষক। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নৌকা করে পদ্মা নদী পাড়ি দেয়ার সময় প্রচন্ড ঢেউয়ে তিনি নৌকা থেকে পড়ে যান। চোখের পলকে তাকে হারিয়ে ফেলে নৌকায় থাকা অন্য সঙ্গীরা।

নিখোঁজ কৃষক উজির মন্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মরহুম খেদের আলীর ছেলে।

নিখোঁজ উজির মন্ডলের ছোট ভাই নাজির মন্ডলও ওই নৌকায় ছিলেন। তিনি বলেন, পদ্মা নদীর চরে আমাদের জমি রয়েছে। প্রতিদিনই আমরা এক সাথে ছয়-সাতজন একটা নৌকা নিয়ে চরে আসি এবং নিত্যদিনের কাজ করি। আজকেও আমার বড় ভাই উজিরসহ চাচাদের সাথে নিয়ে চরে গিয়েছিলাম।

তিনি আরো বলেন, জুমার নামাজ আদায়ের জন্য সাড়ে ১২টার দিকে আমরা নৌকা নিয়ে ফিরছিলাম। পদ্মা নদী এখন উত্তাল থাকায় প্রচন্ড ঢেউ ছিল। নৌকা দুলে দুলে চলছিল। হঠাৎ করেই দেখি ভাই পড়ে গেল। তাকে ধরতে ধরতেই চোখের পলকে পানিতে ভেসে গেল ভাই। অনেক খোঁজাখুঁজি করেও ভাইকে পাইনি।

স্থানীয়রা জানান, উজির মন্ডলকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস ও অনেকগুলো নৌকা পদ্মায় নামানো হয়েছে। তবে নদী উত্তাল থাকায় উদ্ধার অভিযান ধীর গতিতে চলছে।