জামায়াতে ইসলামী, জামায়াতের বিক্ষোভ, আওয়ামী লীগ, আওয়ামী লীগের অপতৎপরতা, মুফতি আবদুল হান্নান, বিক্ষোভ মিছিল, ফেনী জামায়াত, ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার, যুবলীগ, ছাত্রলীগ
ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণ। নয়া দিগন্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

Advertisement

মঙ্গলবার বিকেলে শহরের বড় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। মিছিলটি শহরের বড় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও ট্রাংক রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যায়।

সংক্ষিপ্ত সমাবেশে মুফতি আবদুল হান্নান বলেন, ‘খুনি শেখ হাসিনা ডিসেম্বরে আসবে বলেছে। আমরা বলবো আপনি আসুন, আপনার জন্য আয়না ঘর প্রস্তুত আছে। আওয়ামী লীগ বলতো অগ্নি কন্যা, অগ্নি কন্যা নয়, আগুন সন্ত্রাসের নায়ক শেখ হাসিনা। আমরা দেখেছি চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে বেগম খালেদা জিয়া ও ডা: আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিএনপি-জামায়াতের অনেককে আসামি করে মামলার নাটক করেছিল। নিজের দলের লোকদের হত্যা করে বিরোধী দলের উপর চাপিয়েছিল এ বাকশালি।’

মুফতি আবদুল হান্নান আরো বলেন, ‘এ স্বৈরাচার গত কয়েকদিন বাসে আগুন দিয়েছে। ট্রেনের বগিতে আগুন দিয়েছে এ নিষিদ্ধ ঘোষিত যুবলীগ-ছাত্রলীগ। তারা দেশের সম্পদে আঘাত এনেছে ও বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। তারা পলায়নের মধ্য দিয়ে তাদের সে অধিকার হারিয়েছে।’

এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুপ, সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহিম, সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: ইলিয়াস, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা নাদেরুজ্জামান, সেক্রেটারি শিহাব উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন আরমান ও শহর সেক্রেটারি এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।