
সিলেটের বিশ্বনাথে গণধর্ষণ মামলার পলাতক আসামি সাইদুর রহমানকে (৩০) ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে ডিএমপির যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৯ সিলেট ও এসআরবি-১০ ঢাকার যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৪ জুলাই রাত ৮টার দিকে সিলেট নগরীর চৌকিদেখী এলাকার বাসিন্দা ভিক্টিম নারী নিজের কাজ শেষে এক নারী চণ্ডিপুল থেকে সাইদুর রহমানের সিএনজিতে ছাতকের উদ্দেশ্যে রওনা হন। পথে সাইদুর তাকে গাড়িতে রেখে একটি বাজারে যান। পরে বাজারের মালামাল নিজের বাড়িতে রেখে ওই নারীকে নিয়ে বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের আলমনগর এলাকার একটি বাড়ির সামনে যান। রাত সাড়ে ৯টার দিকে সেখানে অন্য আসামিরা ওই নারীকে একটি ঘরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় তার মোবাইল ফোন, এনআইডি কার্ড, নগদ টাকা ও ভ্যানিটি ব্যাগ নিয়ে নেয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা করেন। মামলার পর পলাতক আসামিদের গ্রেফতারে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি বিশ্বনাথ থানার হায়াতপুরগাঁও এলাকার হাসিব আলীর ছেলে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।








